অনলাইন জরিপে শপিংমল না খোলার পক্ষে ৯৩ শতাংশ মানুষ

১০ মে, ২০২০ ১০:২২  
করোনা পরিস্থিতিতে ঈদের আগে শপিংমল খোলার বিপক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ। আর শপিংমল খুললে না যাওয়ার কথা জানিয়েছেন ৯৬ শতাংশ। সেন্টার ফর পলিসি ডায়ালাগের (সিপিডি) এক অনালইন জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল জরিপের ফলাফল প্রকাশ করে সিপিডি। ‘কোভিড-১৯ : বর্তমান প্রেক্ষাপট ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ২৬ মার্চ থেকে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেটাকে আমরা লকডাউন হিসেবেই দেখছি। সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য সারাবিশ্বেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। তবে এই কারণে অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে পড়েছে। সীমিত আকারে শপিংমল, দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা এসেছে। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, শপিংমল, পরিবহন, কাঁচাবাজার এসব জায়গায় মানুষের সমাগম বেশি হয়। যেখানে মানুষের সমাগম বেশি হয়, সেখানে এটার (করোনা ভাইরাস) বিস্তার বেশি হয়। আমরা অনলাইনে একটি জরিপ করি। তাতে প্রশ্ন ছিল- বর্তমান পরিস্থিতিতে শপিংমল খুলে দেওয়া প্রয়োজন কিনা? এর উত্তর দিয়েছেন ২২৬৪ জন। এদের মধ্য ২১০০ জন ‘না’ ভোট দিয়েছেন। সেটা প্রায় ৯৩ শতাংশ। আর ১৬৪ জন খুলে দেওয়ার পক্ষে। সুতরাং আমরা দেখছি অধিকাংশ শপিংমল না খোলার পক্ষে। আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম, শপিংমল খুলে দিলে আপনি যাবেন কিনা? এর উত্তর দিয়েছেন ১০৪৭ জন। এর মধ্যে ১০০০ জন বলেছেন শপিংমলে যাবেন না। অর্থাৎ ৯৬ শতাংশ শপিংমলে না যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। বিপরীতে ৪৭ জন শপিংমলে যাবেন বলে জানিয়েছেন। সুতরাং মানুষ কী ভাবে তা বিবেচনায় নেওয়া ভালো, বলেন ফাহমিদা।